• Home
  • দেশ
  • সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

    মাছের সাথে এ কেমন শত্রুতা!
Image

সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

মাছের সাথে এ কেমন শত্রুতা!

রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: শত্রুতা মানুষের সাথে হতে পারে, কিন্তু বোবা মাছের সাথে এ কেমন শত্রুতা? নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে লিজ নেওয়া একটি মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলার ডাহিয়া গাড়াবাড়ি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের দেওয়া বিষে ভেসে উঠেছে রনি মন্ডল নামের এক যুবকের স্বপ্ন। আকস্মিক এই ক্ষতিতে একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। ভুক্তভোগী রনি মন্ডল গাড়াবাড়ি গ্রামের নুরুল মন্ডলের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মন্ডল তার বাড়ির পাশে ১ একর আয়তনের একটি লিজকৃত পুকুরে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভিত্তিতে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন। ঘটনার দিন রাতে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ঘুম থেকে উঠে পুকুরপাড়ে গিয়ে রনির চোখ চড়কগাছ হয়ে যায়। তিনি দেখতে পান, পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।

মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে এই খবর। পুরো পুকুরজুড়ে মরা মাছের সাদা স্তূপ দেখে কান্নায় ভেঙে পড়েন রনি ও তার পরিবারের সদস্যরা। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ১ লিটার পরিমাণের ৩টি ‘শাহিন ৫৫ সিসি’ নামক তীব্র কীটনাশকের খালি বোতল উদ্ধার করা হয়, যা বিষ প্রয়োগের অকাট্য প্রমাণ দেয়।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ ও মিলন হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুকুরে কীটনাশকের খালি বোতল পড়ে থাকাটাই প্রমাণ করে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এই জঘন্য কাজ করেছে। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

পূর্ব বিরোধ ও হুমকির অভিযোগ
ক্ষতিগ্রস্ত মাছ চাষী রনি মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীকের ভোট করার পর থেকেই গ্রামের প্রতিপক্ষ মুজিবুর রহমান ও তার লোকজন এই পুকুর নিয়ে আমার সাথে বিরোধ করে আসছিল। তারা নানাভাবে আমাকে পুকুর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। পুকুরের সব বৈধ কাগজপত্র আমার থাকা সত্ত্বেও কিছুদিন আগে তারা আমাকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়। আজ তারা বিষ দিয়ে আমার সব শেষ করে দিল। আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল, আমি এখন পথে বসে গেছি। আমি সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাচ্ছি এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। আমরা এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই জঘন্য অপরাধের পেছনের কুশীলবদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো খামারির স্বপ্ন এভাবে বিষ দিয়ে ধূলিসাৎ করার সাহস কেউ না পায়।

Related Posts

1 Comments Text
  • Nevaeh3389 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/5cpX5
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »