• Home
  • খেলা
  • হ্যামস্ট্রিং চোটে ৪ সপ্তাহ মাঠের বাইরে মোস্তাফিজ
Image

হ্যামস্ট্রিং চোটে ৪ সপ্তাহ মাঠের বাইরে মোস্তাফিজ

চোটের কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানকে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং পুরো টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের জন্য এটি নতুন ধাক্কা। একমাত্র টেস্টে হারের পর ওয়ানডে সিরিজও এক ম্যাচ হাতে রেখেই হারিয়েছে দল। এর মধ্যেই ইনজুরিতে ছিটকে গেলেন দলের অন্যতম প্রধান এই বাঁহাতি পেসার।

প্রথম ওয়ানডেতে ৬ ওভার বল করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন মোস্তাফিজ। এরপর দ্বিতীয় ওয়ানডেতে তাকে বিশ্রামে রাখা হয়। পরবর্তীতে স্ক্যান করালে তার ডান হ্যামস্ট্রিংয়ে গ্রেড-ওয়ান মাসল টিয়ার ধরা পড়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, মোস্তাফিজের একই হাঁটুতেও কিছু সমস্যা রয়েছে। তিনি দেশে ফিরে পুনর্বাসন কার্যক্রম (রিহ্যাব) শুরু করবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সুস্থ হতে প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে।

এই চোটের কারণে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর শুরুর দিকের ম্যাচগুলোও মিস করতে পারেন মোস্তাফিজ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এবারের আসরে তার খেলার কথা ছিল। আগামী ২১ জুলাই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা।

এর আগে একই সফরে চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »