মহানগর নাট্যোৎসব স্থগিত, যা বললেন উপদেষ্টা ফারুকী

0
26

বিনোদন প্রতিবেদক: শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে ‘ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫’র উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু একদল ব্যক্তির হুমকির মুখে নিরাপত্তা শঙ্কায় এই উৎসব স্থগিতে বাধ্য হওয়ার কথা জানান ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান। এই ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, মব নয়, নাট্যকর্মীদের মধ্যেই একটা অংশ এই উৎসব বন্ধের জন্য আহ্বান জানিয়েছিল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে উপদেষ্টা ফারুকী বলেন, ‌‘নাট্য উৎসব বন্ধের খবরটা দেখে আমরা কাল সন্ধ্যা থেকেই খোঁজখবর নেয়া শুরু করি। কারণ সরকার শিল্পকলার মাধ্যমে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে, গতকালও শিল্পকলায় তিনটা প্রদর্শনী হলো। আজকেও প্রাচ্যনাটের শো আছে শিল্পকলায়। তাহলে এখানে কেন পুলিশ উৎসব বন্ধ করতে বলবে? খোঁজ নিয়ে জানলাম, পুলিশ এই রকম কিছুই বলেনি। কালকে রাতেই বিবৃতি দিয়ে জানিয়েছে তারা কাউকে উৎসব বন্ধ করতে বলেনি। বরং তারা নিরাপত্তা দিতে প্রস্তুত।’

উৎসবে বাতিলের কারণ উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের দ্রুত অনুসন্ধান থেকে জানা গেল, নাট্যকর্মীদের মধ্যেই একটা অংশ এই উৎসবের বিরোধিতা করে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্য জোর দাবি জানিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। বিক্ষুব্ধ নাট্যকর্মীদের দাবি, এই উৎসবের আড়ালে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় বিবৃতি দিয়ে উসকানি দেয়া কিছু ব্যক্তি বা তাদের গোত্রীয় কিছু মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা দাবি জানায় জুলাইয়ে তাদের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি হওয়ার আগে কোনো পুনর্বাসন চলবে না। অবশেষে কালকে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে।’

ফারুকী আরও বলেন, ‘দুঃখজনক হচ্ছে, বিবৃতিতে তারা এইসব কিছু না বলে কৌশলে প্রথমে পুলিশের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করল। এবং বিবৃতির শেষে বলল, মবের কারণে উৎসব বাতিল করতে হলো। তারা তো জানেই কারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাদের পরিচয় না লিখে মব বলে চালিয়ে দেয়ার উদ্দেশ্য কি একটা বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠা করা? বা কেন ওই বিক্ষুব্ধ নাট্যকর্মীরা প্রতিবাদ করছে তারা জানে। কিন্তু সেটাও তারা বিবৃতিতে উল্লেখ না করা কি ওই বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা কিনা সেটা সবাই ভেবে দেখতে পারেন। পাশাপাশি আরেকটা প্রশ্নও আসে, জুলাইয়ে তাদের ভূমিকার জন্য জাতির কাছে এখনও কি একবারও ক্ষমার চাওয়ার প্রয়োজন বোধ করেছে তারা?’

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, ‘ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতি ডিএমপির নজরে এসেছে।’

বলা হয়, ‘ডিএমপি নাট্যোৎসব বন্ধ বা স্থগিতের কোনো নির্দেশনা দেয়নি। যেকোনো সৃজনশীল ও শৈল্পিক কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহ দিই। কী কারণে নাট্যোৎসবটি স্থগিত হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। এই নাট্যোৎসব ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি তৎপর রয়েছে।’

তবে নিরাপত্তা শঙ্কার কারণে উৎসব স্থগিতের কথা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান। তিনি বলেছিলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি।’

NO COMMENTS

LEAVE A REPLY