পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বালু পরিবহন বন্ধ করতে গভীর রাতে সরকারী রাস্তা কেটে ফেলার পরও এক সপ্তাহে মামলা রেকর্ড না হওয়ার অভিযোগ উঠেছে।
গত ২৮ জুন দিবাগত রাতে করতোয়া নদীর তেলীপাড়া ঘাট সংলগ্ন ১৬ ফুট প্রস্থের রাস্তটি কেটে পাশের আবাদি জমির সমান করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কাটায় ব্যবহৃত ট্রাক্টর জব্দ করে এবং পরদিন দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তাটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন।
এইঘটনায় ২৯ জুন রাতেই উপজেলার সোনাহার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে সুরুজ আলী, আলী ইমরানসহ বেশ কয়েকজন নামীয় এবং আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগ দেওয়ার ১০ দিন অতিবাহিত হলেও থানায় সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।ভূমি কর্মকর্তা মিজানুর রহমান জানান যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং মামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।
দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া জানিয়েছেন, তদন্ত কার্যক্রম শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীৎ সাহা ওসিকে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দির্দেশ প্রদান করেছেন বলে জানা গেছে।

















