পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আটক অসীম বিশ্বাস মাগুড়া সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের মেইন পিলার ৭৭৮-এর ৭ নম্বর সাব-পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে অমরখানা এলাকা দিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসীম বিশ্বাস জানান, কাজের সন্ধানে তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন।এ ঘটনায় বিজিবি তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে বোদা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে টহল চলাকালে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।













