একটি নিরাপদ নগরী গড়ে তোলাই প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। এ লক্ষ্য অর্জনে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘একটি নিরাপদ মহানগরী গড়ে তোলাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। কারণ এই নিরাপদ নগরী গড়ে তোলার জন্য যেসব কাজ করতে হবে, সেসব কাজে জনগণের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।’
নতুন ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের পুলিশ সদস্যের সংখ্যা অপ্রতুল। দ্রুত নগরায়ণ, জনসংখ্যার অতিরিক্ত চাপ, ভাসমান জনগোষ্ঠীর বৃদ্ধি এবং বস্তি এলাকায় অপরাধের প্রবণতা বেশি—এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ, বিশেষ করে অনলাইন প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতি ও সাইবার অপরাধ দ্রুত বিস্তার লাভ করছে। কিশোর গ্যাং, মাদক, সংঘবদ্ধ অপরাধ এবং অপরাধীদের নেটওয়ার্কের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। সব মিলিয়ে এই মহানগরী গড়ে তোলার জন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’
এ সময় নগরবাসীর প্রতি তিনি বলেন, ‘আমাদের জনগণের কাছে আমি বলতে চাই, তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। ছোট অপরাধ হলেও তথ্য দিতে দ্বিধা করবেন না, কারণ ছোট অপরাধ থেকেই বড় অপরাধের সৃষ্টি হয়।’



