সিডনিতে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যা করলেন বাংলাদেশি যুবক

0
1

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পবেলটাউন এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী মো. শোমন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৮ মে) রাত ৮টার কিছু আগে রেমন্ড অ্যাভিনিউয়ের একটি বাড়ি থেকে জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাড়িটির ভেতর থেকে ৪৬ বছর বয়সী এক নারী এবং ৪ ও ১২ বছর বয়সী দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকেই মো. শোমন আহমেদকে আটক করা হয় এবং পরে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত।

আদালতের নথি অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে রাত ৭টা ৫৫ মিনিটের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার মামলাটি সংক্ষিপ্তভাবে ক্যাম্পবেলটাউন লোকাল কোর্টে উপস্থাপন করা হলেও অভিযুক্তকে আদালতে হাজির করা হয়নি। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে এবং আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে।

অভিযুক্তের আইনজীবী জাওয়াদ হোসেন আদালতের বাইরে জানান, তার মক্কেল মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন এবং ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, পরিবারটি খুবই নিরিবিলি ছিল এবং খুব কমই প্রতিবেশীদের সঙ্গে মিশত। ঘটনার পর এলাকাজুড়ে শোক ও বিস্ময়ের ছায়া নেমে এসেছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির ভেতরের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ এবং তিনজনের লাশ বাড়ির বিভিন্ন অংশে পাওয়া যায়। তারা বলেন, নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগে কখনো তাদের নজরে ছিলেন না এবং তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার কোনো অভিযোগও ছিল না।

ঘটনাটিকে স্থানীয় এমপি ডা. মাইক ফ্রিল্যান্ডার পুরো কমিউনিটির জন্য এক মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY