পঞ্চগড় প্রতিনিধি:১১ দলীয় জোটের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ১৭ বছর যাদের সঙ্গে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, তারাই ক্ষমতায় গিয়ে আমাদের অফিসে হামলা করেছে।
গত শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড় শহরে জাগপার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি বলেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি, সেই রক্তের সঙ্গে যেন বেইমানি না করি। ৭০ শতাংশ মানুষ গণভোটে “হ্যাঁ” ভোট দিয়েছে। এই রায়ের সঙ্গে যেন তামাশা না করা হয়।
তাসমিয়া প্রধান বলেন, পাশের দেশে উগ্রবাদীরা আমাদের ভাই-বোনদের উপর নির্যাতন করছে। তাই এখন পুশইন হতে পারে, সীমান্ত হত্যা হতে পারে। আপনারা সর্বদা জাগ্রত থাকবেন। জাগপা সবসময় সীমান্ত হত্যা ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আসছে।
আমার বাবা এলাকার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন, কিন্ত তিনি সংসদে যেতে পারেন নি। আমি সেই স্বপ্ন বাস্তবায়নে সংসদে কথা বলবো।
তিনি দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ করে জাগপা সভাপতি জানান, আওয়ামী লীগের আমলে তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল।একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ১৭ বছর যাদের সঙ্গে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, তারা ক্ষমতায় এসে আবার আমাদের অফিসে হামলা করেছে।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন,ক্ষমতা চিরস্থায়ী নয়, স্বৈরাচারী আচরণ করলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে বলে এসময় তিনি মন্তব্য করেন। তাসমিয়া প্রধান আরও বলেন, জামায়াত তার শরিকদের সঙ্গে বেঈমানি করেনি, তাদের মূল্যায়ন করেছে। ১১ দল ক্ষমতায় গেলে কখনো স্বার্থপর আচরণ করবে না। অফিসে হামলার ঘটনায় মামলা করার বিষয়ে তিনি বলেন, আমরা মামলা করে সময় নষ্ট না করে এলাকায় উন্নয়নে সময় দিতে চাই।
অনুষ্ঠানে জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জাগপা ও ১১ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তাসমিয়া প্রধান পঞ্চগড় প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।



