বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে যে কারণে অনিশ্চয়তা

0
1

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাসের মতো সময় বাকি থাকলেও বাংলাদেশে এখনো কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচারস্বত্ব কিনতে পারেনি। ফলে এবার দেশের দর্শকরা টিভিতে বিশ্বকাপ দেখতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

জানা গেছে, বিশ্বকাপের মিডিয়া স্বত্বধারী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড বাংলাদেশে সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছে। কর ও ভ্যাটসহ মোট খরচ প্রায় ২০০ কোটিতে পৌঁছাবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় বিনিয়োগ স্থানীয় সম্প্রচারমাধ্যমগুলোর জন্য কঠিন হয়ে পড়েছে। টি স্পোর্টসসহ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও এখনো কোনো সমঝোতা হয়নি।

সম্প্রচার সংশ্লিষ্টরা বলছেন, এবারের বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচিও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ বাংলাদেশ সময় গভীর রাত বা ভোরে অনুষ্ঠিত হবে। এতে দর্শকসংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে চ্যানেলগুলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারও বিপুল অর্থ খরচ করে সম্প্রচারস্বত্ব কেনার বিষয়ে আগ্রহী নয়।

এ সংকট শুধু বাংলাদেশেই নয়, ভারত ও চীনের মতো বড় বাজারেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভারতে সম্প্রচারস্বত্ব নিয়ে দর-কষাকষি চলছে, আর চীনেও এখনো কোনো অফিশিয়াল সম্প্রচারকের নাম ঘোষণা হয়নি। ফলে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দর্শকদের বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

NO COMMENTS

LEAVE A REPLY