ভারতের জন্য সাফের সূচি নিয়ে আবারও অনিশ্চয়তা

0
11

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ আবারো অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ওই সময়ে ভারতের ‘ফিফা আসিয়ান কাপ’-এ অংশগ্রহণ করবে। এতে সাফ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সাফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারত অন্যতম শক্তিশালী ও আকর্ষণীয় দল। তাদের ছাড়া টুর্নামেন্ট আয়োজন করা কেবল খেলার মাঠেই নয়, ব্যবসায়িক দিক থেকেও ঝুঁকিপূর্ণ। তাই নভেম্বরে সাফ আয়োজনের চেষ্টা করছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘সাফের অন্যতম দেশ ভারত। তারা সেপ্টেম্বরে আসিয়ান টুর্নামেন্ট খেলবে। তাদের ছাড়া সাফ আয়োজন করা কঠিন। প্রথমত প্রতিদ্বন্দ্বিতা ও আকর্ষণ কমবে, দ্বিতীয়ত স্পন্সর আগ্রহী হবে না। তাই সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে সাফ আয়োজনের চেষ্টা করা হচ্ছে।’

সেপ্টেম্বরের উইন্ডো ১৬ দিনের থাকলেও নভেম্বরে অত্যন্ত সংক্ষিপ্ত—মাত্র ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত (৮ দিন)। এই অল্প সময়ে টুর্নামেন্ট শেষ করাও বড় চ্যালেঞ্জ। তবে সাফ সভাপতি আশাবাদী যে, দু’টি ভেন্যুতে খেলা আয়োজন করে এবং উইন্ডোর আগে-পরে দুই-একদিন সময় বাড়িয়ে এটি সম্পন্ন করা সম্ভব।

এদিকে, এবারের সাফের আয়োজক হতে চায় বাংলাদেশ। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এটি বাংলাদেশই হওয়ার সম্ভাবনা বেশি। কাজী সালাউদ্দিনের মতে, ‘এখন পর্যন্ত বাংলাদেশই আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে আছে। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে যা কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে।’

ভারত সাফের সদস্য হলেও ফিফা অনুমোদিত আসিয়ান কাপে খেলছে আমন্ত্রিত সদস্য হিসেবে। সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ভারত যদি সেখানে পুরুষ ফুটবল দল পাঠায়, তবে সাফে তাদের অংশগ্রহণের বিষয়টি আরও জটিল হবে। এমন পরিস্থিতিতে ভারত তাদের মূল দলের পরিবর্তে বয়সভিত্তিক দল পাঠাবে কি না, সেটিও এখন বড় প্রশ্ন।

২০২৩ সালে ভারতের ব্যাঙ্গালুরুতে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। নিয়ম অনুযায়ী দুই বছর পর পর এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, গত বছরের স্থগিত হওয়া টুর্নামেন্টটি এ বছর আয়োজনের লক্ষ্য ছিল সাফের। কিন্তু ভারতের আসিয়ান টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ আসরটি আবারো ক্যালেন্ডার জটিলতায় আটকে গেল।

এখন দেখার বিষয়, এএফসি ও ফিফার সাথে সমন্বয় করে সাফ সচিবালয় নভেম্বরে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে পারে কি না।

NO COMMENTS

LEAVE A REPLY