রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু

0
3

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অত্যাধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের কাজ সফলভাবে শেষ হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রটির নিরাপদ ও কার্যকর পরিচালনার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়, যা প্রকল্পটির পরীক্ষামূলক পরিচালনার প্রস্তুতির অংশ।

রোসাটম জানায়, তাদের অটোমেশন ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ “রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস” এই প্রযুক্তি সরবরাহ করেছে। প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও বিকিরণ পর্যবেক্ষণসহ মোট ২২টি সাব-সিস্টেম স্থাপন করা হয়েছে।

এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, যন্ত্রপাতির কার্যকারিতা এবং রেডিয়েশন মনিটরিং সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে কেন্দ্রটির নিরাপত্তা ও দক্ষতা আরও বাড়বে।

রোসাটমের অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম বিভাগের ব্যবস্থাপনা পরিচালক গ্লেব মুরাশভ জানান, রূপপুর প্রকল্পের জন্য বিশেষভাবে উন্নত কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রথমবারের মতো এখানে কমপ্যাক্ট বেঞ্চ-টাইপ ডিজাইনের সঙ্গে স্বয়ংক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে।

রাশিয়ার সহযোগিতায় নির্মিত রূপপুর প্রকল্পে ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি চুল্লি স্থাপন করা হচ্ছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রয়োজনীয় পরীক্ষা ও জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে বা আগস্টে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

NO COMMENTS

LEAVE A REPLY