নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এসময় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন সরকারপ্রধান।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎকালে এ অবস্থানের কথা জানান তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক। সাক্ষাতে টিআইবির প্রতিনিধি দলের সঙ্গে দেশের দুর্নীতি পরিস্থিতি এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের নীতি হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।সাক্ষাতের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।



