পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাসচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার দিকে ঢাকা পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার কাঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া শামীম নামে যাত্রীবাহী বাসটি বোদা বাইপাস মোড়ের কাছে পৌঁছালে পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে উঠার জন্য হাত দেখালে গাড়ির চালক আকর্ষিক ব্রেক করে।
এসময় গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে গেটে দাঁড়িয়ে থাকা সহকারী শান্ত গাড়ির নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বোদা থানার ওসি সোয়েল রানা বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।



