বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ‘ক্যাপ্টেনস কার্ড’ উদ্যোগকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। সাবেক জাতীয় দলের পেসার তাপস বৈশ্য এ উদ্যোগকে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিসিবির এই ব্যবস্থার কড়া সমালোচনা করেন। তার মতে, এটি সাবেক ক্রিকেটারদের মধ্যে অসম আচরণের নতুন উদাহরণ তৈরি করছে এবং ক্রিকেটের ঐক্য নষ্ট করতে পারে।
তাপস বৈশ্য লিখেছেন, আগে থেকেই অধিনায়কদের জন্য স্টেডিয়ামে আলাদা সুবিধা থাকলেও এখন ‘ক্যাপ্টেনস কার্ড’ সেই ব্যবধান আরও বাড়িয়েছে। অধিনায়ক ও সাধারণ খেলোয়াড়দের মধ্যে আলাদা শ্রেণি তৈরি করা হচ্ছে, যা খেলাধুলার চেতনার পরিপন্থি।
তিনি আরও বলেন, জাতীয় দলে সবাই সমান অবদান রাখেন, তবে অবসরের পর এমন সুবিধা কেবল নির্দিষ্ট একটি গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ রাখা প্রশ্নবিদ্ধ।
সাবেক এই পেসার দেশের জনপ্রিয় ক্রিকেটারদের উদাহরণ টেনে বলেন, অনেক কিংবদন্তি খেলোয়াড় আছেন যারা সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখেন, অথচ নতুন নীতিতে শুধু অধিনায়কদের জন্য ভিআইপি সুবিধা রাখা হচ্ছে।
স্বাস্থ্যবিমা ও অন্যান্য সুবিধা নিয়েও প্রশ্ন তুলে তিনি জানান, এসব সেবা সবার জন্য না হলে তা ন্যায্যতা হারায়।
পোস্টে তাপস বৈশ্য আরও দাবি করেন, এই ধরনের উদ্যোগ তাকে সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে পরিচয় দিতে অস্বস্তিতে ফেলে দেয়। তিনি বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে সাবেক ক্রিকেটারদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।
সম্প্রতি বিসিবি ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে, যার মাধ্যমে সাবেক ও বর্তমান অধিনায়কদের স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ, ভিআইপি পার্কিং, স্বাস্থ্যবিমা ও চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই উদ্যোগ ইতোমধ্যে ক্রিকেট মহলে বিতর্ক সৃষ্টি করেছে।



