স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেছেন, বাংলাদেশ একটি মানসম্পন্ন দল। তারা সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে সেটা প্রমাণ করেছে। তাই তুলনামূলক কম অভিজ্ঞ খেলোয়াড়দের বিদেশের মাটিতে শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ দেওয়া আমাদের জন্য বড় অর্জন।
দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের একাধিক তারকা ক্রিকেটার আইপিএল খেলায় ব্যস্ত। যে কারণে তরুণ ক্রিকেটারদের নিয়েই এসেছেন কোচ রব ওয়াল্টার।
বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের কোচ বলেন, তুলনামূলক কম অভিজ্ঞ খেলোয়াড়দের বিদেশের মাটিতে শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ দেওয়া আমাদের জন্য বড় অর্জন। অভিজ্ঞতা কিনে পাওয়া যায় না, মাঠে নেমেই তা অর্জন করতে হয়। এই দলকে সেই সুযোগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কঠিন পরিস্থিতিতে ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে, নিজেদের পরীক্ষা করতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যেন শিখতে থাকি। আমাদের মূল লক্ষ্য শেখা এবং উন্নতি করা। ব্যক্তিগতভাবে ও দল হিসেবে।
কোচ বলেন, আমাদের ৫৪ জন নিউ জিল্যান্ড ক্রিকেটার বিশ্বের বিভিন্ন জায়গায় খেলছে। আইপিএল, পিএসএল, এখানে এবং শ্রীলঙ্কায়। যা আমাদের চুক্তিভুক্ত খেলোয়াড়দের প্রায় অর্ধেক। এটা আমাদের জন্য বিশাল ইতিবাচক দিক। আমরা অনেক খেলোয়াড়কে আন্তর্জাতিক অভিজ্ঞতা দিচ্ছি বিভিন্ন পর্যায়ে, যাতে পুরো প্রক্রিয়া শক্তিশালী হয়, শুধু একটি ছোট গ্রুপ নয়। আমরা জানি আন্তর্জাতিক ক্রিকেট চ্যালেঞ্জিং, কারণ খেলোয়াড়রা বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে। তাই আমাদের সেগুলো সামলাতে হয় এবং যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুত থাকতে হয়।



