বিনোদন প্রতিবেদক: সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন বিপাশা।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এক বিশেষ অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী—যার অনেক কিছুই আগে শোনা যায়নি।
তুলনার প্রসঙ্গে বিপাশা বলেন, ‘বিষয়টি একপাক্ষিকভাবে দেখার সুযোগ নেই।’ তাঁর মতে, ‘একদিকে যেমন এতে মানুষের সময় ও এনার্জি অপচয় হচ্ছে, অন্যদিকে এটাও সত্য—তারা দুজনই দর্শকের কাছে গুরুত্বপূর্ণ বলেই এমন আলোচনা হয়। অর্থাৎ ভালোবাসা ও আগ্রহ থেকেই মানুষ এ ধরনের তুলনায় যায়।’
তবে এই প্রবণতাকে খুব ইতিবাচকভাবে দেখেন না তিনি। বিপাশার ভাষায়, ‘সোশ্যাল মিডিয়ায় মন্তব্য বা স্ট্যাটাস লিখতে যে সময় ব্যয় করা হয়, সেই সময়টা মানুষ চাইলে নিজের উন্নয়নে কাজে লাগাতে পারে। বই পড়া, লেখালেখি বা নিজের দক্ষতা বাড়ানোর মতো কাজ করলে ব্যক্তি ও সমাজ—দুটোই উপকৃত হতো।’
বর্তমানে অভিনয়ে খুব বেশি সক্রিয় না থাকলেও চিত্রকলায় বেশ মনোযোগী বিপাশা হায়াৎ। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। তবে অভিনয়কে বিদায় জানাননি তিনি। বরং এখন এমন চরিত্রেই ফিরতে চান, যেখানে শারীরিক ও মানসিকভাবে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার সুযোগ থাকবে।



