জুনের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সম্পন্ন হবে: এনটিআরসিএ চেয়ারম্যান

0
15

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইস্কাটনে এনটিআরসিএ কার্যালয়ে নিয়োগ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনে তিন এ কথা জানান।তিনি জানান, আগামী ১৮ এপ্রিল নিয়োগে লিখিত পরীক্ষা হবে। আর ফলাফল হবে ২২-২৩ এপ্রিলের দিকে।

প্রায় ৩৬ হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হবে। মৌখিক পরীক্ষা শেষ করতে দেড় মাস লাগতে পারে।তিনি আরও জানান, ১১ হাজার ১৫১টি পদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৭,৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ৩,১৩১টি শূন্য পদ পূরণের লক্ষ্যে গত ২৫ মার্চ ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন।

তাদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৭১৮ জন। পরীক্ষা নেওয়ার পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলছে।

এনটিআরসিএ জানায়, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান (প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) এবং সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করতে যাচ্ছে এনটিআরসিএ।

NO COMMENTS

LEAVE A REPLY