এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের রায় বহাল

0
26

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির প্রক্রিয়া বৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ২৯ জানুয়ারি নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তিসম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট খারিজ (রুল ডিসচার্জ) করে দেন বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ।

রিটের বিষয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিভক্ত রায়ের পর রুল খারিজ করে রায় দেন হাইকোর্টের একক বেঞ্চ। এর মধ্য দিয়ে হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠ মতে রিট খারিজের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

রিট আবেদনটির ওপর গত বছরের ৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিভক্ত রায় আসে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেন। অপর বিচারপতি রুল ডিসচার্জ (রিট খারিজ) করে রায় দেন।

এরপর প্রধান বিচারপতি গত ১৫ ডিসেম্বর রিটটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চে পাঠান। শুনানি শেষে রুল ডিসচার্জ ঘোষণা করে রায় দেন ওই বেঞ্চ।

২৯ জানুয়ারি হাইকোর্টের একক বেঞ্চের রায় ঘোষণার পর আপিল বিভাগে আবেদন করে রিট আবেদনকারীপক্ষ। এতে চুক্তিসম্পর্কিত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চাওয়া হয়। শুনানি নিয়ে সেদিন চেম্বার আদালত ‘নো অর্ডার’ দেন। পাশাপাশি নিয়মিত লিভ টু আপিল করতে বলেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিট আবেদনকারীপক্ষ লিভ টু আপিল করে।

গত ৮ মার্চ লিভ টু আপিল শুনানির জন্য ১১ মার্চ দিন ঠিক করেন আপিল বিভাগ। শুনানি শেষে লিভ টু আপিলের ওপর আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেন আপিল বিভাগ।

NO COMMENTS

LEAVE A REPLY