মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার শক্তি ইরানের আছে: খামেনির হুঁশিয়ারি

0
8

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও ওয়াশিংটনের প্রতি নিজের কঠোর অবস্থানে অনড় রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন চুক্তির ‘নির্দেশনামূলক নীতি’ বিষয়ে সমঝোতার কথা বলছেন, অন্যদিকে খামেনেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়ে চরম নৈরাশ্যবাদী সুর ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ৮৬ বছর বয়সী এই সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা পতনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, ‘এটি একটি ভালো স্বীকারোক্তি। কিন্তু আপনারা ভবিষ্যতেও এটি করতে পারবেন না।’

উল্লেখ্য, চলতি সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে, ইরানে সরকার পরিবর্তন হওয়া হবে ‘সবচেয়ে ভালো ঘটনা’।

খামেনি তার বক্তব্যে ধর্মীয় প্রতীক ব্যবহার করে বর্তমান মার্কিন নেতাদের ‘দুর্নীতিবাজ’ হিসেবে অভিহিত করেন এবং তাদের প্রতি আনুগত্য প্রকাশ না করার ঘোষণা দেন। পরমাণু শক্তি প্রসঙ্গে তিনি বলেন, তারা আলোচনার কথা বলে মূলত আমাদের পরমাণু শক্তি কেড়ে নিতে চায়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার মতো কোনো ‘বোকামি’ দাবি মেনে নিয়ে প্রকৃত আলোচনা হতে পারে না।

খামেনির এই কঠোর বার্তার কয়েক ঘণ্টা আগেই জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শেষে ইতিবাচক মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সাংবাদিকদের বলেন, গত দফার তুলনায় এবার অত্যন্ত গম্ভীর ও গঠনমূলক পরিবেশে আলোচনা হয়েছে। আমরা কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি এবং চুক্তির নির্দেশনামূলক নীতি নির্ধারণ করেছি। আশা করছি, দ্রুতই একটি খসড়া নথি তৈরি করা সম্ভব হবে।

NO COMMENTS

LEAVE A REPLY