নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-২ আসনে ইসি যে সীমানা পুননির্ধারণ করেছিল, সেই তিতাস ও হোমনা উপজেলা নিয়ে গঠিত সীমানা বহাল রেখেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তির সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।এই আদেশের ফলে কুমিল্লা-২ আসনে নির্বাচন কমিশনের নির্ধারিত সীমানা (হোমনা-তিতাস) অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ২৪ সেপ্টেম্বর কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
গত ৮ জানুয়ারি আসনটির সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় (হোমনা-মেঘনা) ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ওই রায়ের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করলে বিচারক তা স্থগিত করেন। পরে বিষয়টি নিয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি শেষে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে স্থগিতাদেশ দেন।



