এখন গাজা যুদ্ধ বন্ধ করলে আবারও হামলা করবে হামাস: নেতানিয়াহু

0
39

অনলাইন ডেস্ক:ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় এখনই যুদ্ধ বন্ধ করবেন না তিনি। তাঁর শঙ্কা, এখন গাজা যুদ্ধ বন্ধ করলে আবারও তাঁর দেশে হামলা চালাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

গতকাল সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এ শঙ্কার কথা জানান।ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি এখন যুদ্ধ বন্ধ করি তাহলে হামাস আবার পুনর্গঠিত হবে এবং আমাদের ওপর হামলা করবে। আমরা এ অবস্থায় যেতে চাই না।’

নেতানিয়াহু জানান, ভবিষ্যতের হামলা প্রতিরোধ করতে তিনি হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করতে চান। তবে এ লক্ষ্য এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

এর আগে গত ২৩ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই সাফল্যের পর জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা এবং যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে।’

এদিকে গাজা যুদ্ধবিরতির প্রধান মধ্যস্থতাকারী কাতার গত শনিবার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুদ্ধবিরতির আলোচনা নতুন গতি পেয়েছে।

হামাসের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তুরস্কের পাশাপাশি মিশর ও কাতার যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শিগগিরই নতুন করে আলোচনা শুরু হতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় গাজায় নিহতের সংখ্যা এরই মধ্যে ৪৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

NO COMMENTS

LEAVE A REPLY