নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দফা দাবিতে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। কিন্তু পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ যমুনা অভিমুখে যাত্রায় বাঁধা দেয় পুলিশ। ফলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ, টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপের ঘটনা ঘটে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. আজ্জত আলী।বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত সংলাপের সময় তিনি এ দুঃখপ্রকাশ করেন।
কমিশনার সাজ্জাত আলী বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি।তিনি আরও জানান, এই ঘটনার তদন্তের জন্য আগামীকাল একটি কমিটি গঠন করা হবে।
ডিএমপি কমিশনার জানান, রংপুরের ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে তিনি এ ঘটনায় আগেই যোগাযোগ করেছেন। ওই ঘটনার জন্য একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে এবং জিডির আসামিকে ধরার বিষয়ে রংপুর পুলিশের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে।এ সময় শিক্ষার্থীরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগের দাবি জানান।



