কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ মানুষের জীবনে কিছু মানুষ থাকেন, যাঁরা নিজের কর্ম, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে জায়গা করে নেন সবার হৃদয়ে। তাঁদের চলে যাওয়া সহজে মেনে নেওয়া যায় না। তেমনি একজন প্রিয় মানুষ ছিলেন রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর রেল কলোনি এলাকার মৃত নুরুল হুদা এর ৩য় পুত্র শাহজাহান আলী খোকন (৫৭)। সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের মাতম।
গত বৃহস্পতিবার বিকেলে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো একনজর দেখতে তাঁর বাড়িতে ছুটে আসেন অসংখ্য স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০টায় রেলবাজার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। প্রিয় মানুষটির বিদায়বেলায় অনেকের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। জানাজা শেষে কাউনিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শাহজাহান আলী খোকন ছিলেন এলাকার একজন পরিচিত, সদালাপী ও সবার প্রিয় মানুষ। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক কর্মকা-ের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। সামাজিক ও ধর্মীয় কাজে তাঁর আন্তরিক অংশগ্রহণ এবং মানুষের সঙ্গে তাঁর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তাঁকে সবার কাছে আপন করে তুলেছিল। তাঁর এই চলে যাওয়া শুধু পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্যই এক অপূরণীয় ক্ষতি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একজন মানুষ চলে গেলেন, কিন্তু রেখে গেলেন অসংখ্য স্মৃতি, ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়। হয়তো আর কখনো দেখা হবে না, শোনা যাবে না তাঁর চেনা কণ্ঠস্বর। তবুও হরিশ্বর রেল কলোনির মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে থাকবেন সকলের প্রিয় খোকন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।















