পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। বুধবার উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দারারপাড়া এলাকায় ধর্ষনের ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম খগেশ্বর রায় (৪৮)। সেও ওই এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর অসুস্থ শিশুটিকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের দায়ের এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় শিশুটি তাদের বসতবাড়ির সামনে অবস্থান করছিল। তখন বিকেলে পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে সাংসারিক কাজে ব্যস্ত থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটির মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে পাশের একটি বাঁশঝাড়ের নিচে খালের পাড়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, শিশুটির চিৎকার শুনে তার মা, ভাই ও এক প্রতিবেশী নারী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। এ সময় তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যরা প্রথমে বাড়িতে থাকা ওষুধ খাওয়ান। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান।এ ঘটনার পরেই রাতে তাকে উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির মা নিরতী রানী রায় দেবীগঞ্জ থানায় খগেশ্বর রায়ের বিরুদ্ধে লিখিত এজাহার দিয়েছেন। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ‘অভিযুক্তকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
















