• Home
  • দেশ
  • নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত
Image

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। রোববার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ব্যারিস্টার কলেজ চত্বর ঘুরে পুনরায় যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পঞ্চগড় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।শোভাযাত্রা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে যুব ঋণের চেক বিতরণ, যুব সংগঠনের নিবন্ধন সনদ প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, এনডিসি সুবীর সাহা, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর আশরাফ সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।আলোচনা সভা শেষে যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ এবং নিবন্ধিত যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি যুবকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

এদিকে দেশ উন্নয়ন সংস্থা ও দেশ প্রতিবন্ধী স্কুলের সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।জাতীয় যুব দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম, যুবকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলা, মাছের পোনা অবমুক্তকরণ, ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি, সফল ও সম্ভাব্য উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং স্থাপন এবং ছেলে-মেয়েদের ভলিবল প্রতিযোগিতা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »