• Home
  • খেলা
  • এশিয়া কাপ আরচারি: তিন স্বর্ণ নিয়ে শীর্ষে বাংলাদেশ
Image

এশিয়া কাপ আরচারি: তিন স্বর্ণ নিয়ে শীর্ষে বাংলাদেশ

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি টুর্নামেন্টের স্টেজ টু’তে কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের মেয়েরা। গতকাল ইরাকের সুলায়মানিয়ায় টুর্নামেন্টে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণপদকটি এনে দেন রিকার্ভ পুরুষ দল। ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেটে হারিয়ে এ সাফল্য অর্জন করেন মার্টিন ফ্রেডরিকের শিষ্যরা। রিকার্ভ পুরুষ দলে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি। একই দিনে কম্পাউন্ড নারী এককের ফাইনালে কাজাখস্তানকে হারিয়ে তৃতীয় স্বর্ণটি জেতেন বন্যা আক্তার। ১৭টি দেশ নিয়ে হওয়া এ টুর্নামেন্টে বাংলাদেশের ১২জন আরচার অংশ নেন। তিন স্বর্ণ, তিন রৌপ্য ও চারটি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করে লাল-সবুজ প্রতিনিধিরা।

রিকার্ভ দলগত পুরুষ ইভেন্টের ফাইনালে প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে পরের তিন সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশে আরচাররা। দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্ট লাভ করেন সাগর-আলিফরা। চার সেট মিলিয়ে বাংলাদেশ ২১২ ও কাজাখস্তান ২১০ পয়েন্ট অর্জন করে। ৬-২ সেটে জয় নিশ্চিত করে স্বর্ণপদক জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এ ইভেন্টে প্রথম রাউন্ডে বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ চারে উজবেকিস্তানকে ৬-০ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন সাগর-আলিফরা। অন্যদিকে কাজাখস্তান সেমিফাইনালে স্বাগতিক ইরাককে ৬-২ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। এই ইভেন্টে কাজাখস্তান রুপা জিতেছে। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানকে হারিয়ে তৃতীয় হয় ইরাক।

এদিকে কম্পাউন্ড নারী এককের ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন বন্যা আক্তার। প্রথম এন্ডে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দু’জনেই ২৮ পয়েন্ট তুলে টাই করেন। দ্বিতীয় এন্ডে এক পয়েন্ট লিড নেন বন্যা। তৃতীয় ও চতুর্থ এন্ডে দু’জনেই ২৯ পয়েন্ট তুলে টাই করেন। পঞ্চম এন্ডে তিন শটেই পূর্ণ ১০ পয়েন্ট করে তোলেন বন্যা। বিপরীতে এক পয়েন্ট কম তোলেন মিলানা। তবে রিকার্ভ নারী এককের ফাইনালে মবিনা ফালাহর কাছে হেরে যান বাংলাদেশের সায়মা সালাউদ্দিন। ফাইনালে ৬-৪ সেটে হারেন ১৫ বছর বয়সী এ আরচার। একই দিনে রিকার্ভ নারী দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। তবে রিকার্ভ মিক্স দলগত ইভেন্টে ৫-৩ সেটে হেরে ব্রোঞ্জ পদক হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। রিকার্ভ একক ইভেন্ট থেকে ব্রোঞ্জ জেতেন আব্দুর রহমান আলিফ। আজারবাইজানের মামাদালি আলিয়েভকে ৭-৩ সেটে হারান তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »