• Home
  • আন্তর্জাতিক
  • ব্রাজিলের নির্বাচনে লুলা জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান প্রতিদ্বন্দ্বী বোলসোনারোর
Image

ব্রাজিলের নির্বাচনে লুলা জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান প্রতিদ্বন্দ্বী বোলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত হয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রোববারের রান-অফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে প্রায় ৪৪ লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। তবে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলসোনারো। নির্বাচনের ফল বাতিলেরও দাবি তুলেছেন তিনি।

ব্রাজিলের নির্বাচনি আদালত জানায়, সব ভোট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পেছনে ফেলেছেন প্রায় ৪৪ লাখ ভোটে। আগামী মঙ্গলবার ৮১ বছরে পা দিতে যাওয়া লুলার এ জয় লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটির রাজনীতিতে নতুন করে বামপন্থি নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক লুলার এ জয় ওয়াশিংটনের সঙ্গে ব্রাজিলের দূরত্ব বজায় রাখার ইঙ্গিতও দিচ্ছে। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ট্রাম্পঘনিষ্ঠ ডানপন্থি প্রার্থীদের সাফল্যের বিপরীতে লুলার বিজয়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রোববার রাতে পরাজয় স্বীকার না করে বলসোনারো ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তকে নজিরবিহীন বলে আখ্যা দেন। তার দাবি, এ কারণে নির্বাচনের ফল গ্রহণযোগ্য নয়। তিনি ফল বাতিলের আহ্বান জানান।তবে ভোটের সময় বাড়ানোর অনুরোধ লুলা ও বলসোনারো দুপক্ষই জানিয়েছিলেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময়ের মাত্র তিন মিনিট আগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্তিয়ানো জানিন ভোটকেন্দ্রের সময় আরও দুই ঘণ্টা বাড়ানোর নির্দেশ দেন। সাও পাওলো ও সালভাদর শহরে ভোটার পরিবহনের বাস নিয়ে সমস্যার কারণে লুলা এ অনুরোধ করেছিলেন। অন্যদিকে দক্ষিণ ব্রাজিলে ভারী বৃষ্টির কারণে ভোটের সময় বাড়ানোর আবেদন জানান বলসোনারো।

এ সিদ্ধান্তের ফলে ভোট গণনা শুরু হতে দুই ঘণ্টা দেরি হয়। কিছু কেন্দ্রে ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভোটের যন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে সেগুলো পুনরায় চালু করা সম্ভব হয়নি। বলসোনারোর এক ঘনিষ্ঠ সহযোগী নিকোলাস ফেরেইরা অভিযোগ করেন, সময় বাড়ানোর সিদ্ধান্ত দেওয়া বিচারপতি জানিন একসময় লুলার আইনজীবী ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »