ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিকুঞ্জরায় নজির আহম্মেদ ব্রিকফিল্ড-সংলগ্ন এলাকায় সরকারি পানি চলাচলের খাল দখল করে নবনির্মিত একটি ফুট ফ্যাক্টরির স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খালটি দখলমুক্ত করা না হলে পানি নিষ্কাশনব্যবস্থা ব্যাহত হয়ে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, বদর উদ্দিন খাল নামে পরিচিত পানি চলাচলের এ খালের জায়গায় স্থাপনা নির্মাণ করা হলে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে। বর্ষা মৌসুমে আশপাশের এলাকার পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হতে পারে।
এ অবস্থায় খালটির সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন তাঁরা।
ফুট ফ্যাক্টরির মালিক রিয়াদ হোসেন মুঠোফোনে বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই খালের জায়গায় স্থাপনা নির্মাণ করেছেন। তবে অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ফারহানা পৃথা বলেন, খাল দখল করে স্থাপনা নির্মাণের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমান সরকার খাল খনন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উদ্বেগজনক। এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে একসময় খালটি দখল হয়ে অস্তিত্ব হারাতে পারে।
এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁরা আরও বলেন, সরকারি খাল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে চলে গেলে এর প্রভাব পড়বে পুরো এলাকার মানুষের ওপর। তাই খালটির প্রকৃত সীমানা নির্ধারণ, নির্মাণকাজের বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

















