ভুটান যাওয়ার পথে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টার যাত্রাবিরতি নেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কো থেকে আসা এই ফ্লাইটের ট্রানজিটের ফাঁকে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
বৈঠক শেষে গণমাধ্যমকে তাবিথ জানান, স্বল্প সময়ের আলোচনায় উঠে এসেছে দেশের ফুটবল অবকাঠামো, ফিফা ফরোয়ার্ড ফান্ডের সঠিক ব্যবহার ও তৃণমূল ফুটবলের বিকাশ। দীর্ঘদিন আটকে থাকা ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থ ছাড় ও তার ব্যবহারই ছিল আলোচনার মূল বিষয়।
বাফুফে সভাপতি জানান, সরকার ইতিমধ্যে বাফুফেকে ১৫ একর জমি দিয়েছে। পাশাপাশি দুটি স্টেডিয়াম পরিচালনার দায়িত্বও এসেছে ফেডারেশনের হাতে। এই স্টেডিয়ামগুলোর সংস্কার, আধুনিক ফ্লাডলাইট স্থাপন, টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং সিলেটে একটি অত্যাধুনিক হাইব্রিড পিচ তৈরিতে ফিফার বরাদ্দ করা অর্থ খরচ হবে। চলতি বছরের মধ্যেই এই ফান্ডের কাজ পুরোদমে শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইনফান্তিনোর মূল বাংলাদেশ সফর নিয়ে প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘আমাদের টেকনিক্যাল সেন্টার, সিলেটের হাইব্রিড পিচ কিংবা স্টেডিয়াম সংস্কারের কাজ দৃশ্যমান হলেই সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনে বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি। তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিতে প্রস্তুত, তবে পুরো বিষয়টি নির্ভর করছে আমাদের কাজের অগ্রগতির ওপর।’
আলোচনায় বাংলাদেশের ফুটবলসংক্রান্ত দুটি সরকারি সিদ্ধান্তের কথা শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন ফিফা প্রধান। একটি হলো স্টেডিয়ামগুলোতে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার, অন্যটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করা।
যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবের মতো দেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বাস করেন। তাঁদের কথা মাথায় রেখে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের। সম্প্রতি আসিয়ান কাপে অংশগ্রহণের অভিজ্ঞতার কথা ফিফা সভাপতিকে জানানো হয়েছে। জানানো হয়েছে ভবিষ্যতে সান মারিনোর মতো ইউরোপীয় দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগ্রহের কথাও।
বৈঠকের শেষে তাবিথ বলেন, ‘বাংলাদেশ সরকার ও বাফুফের সদিচ্ছা ও আন্তরিকতা ফিফা সভাপতির নজর কেড়েছে। যাওয়ার আগে তিনি বাংলাদেশের ফুটবল অনুরাগী ও বাফুফের উদ্দেশে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়ে গেছেন। আশা করছি, আগামী দিনগুলোতে ফিফা থেকে আরও বড় ধরনের সহযোগিতা ও সমর্থন পাবে বাংলাদেশ।’


















