পঞ্চগড় প্রতিনিধি: শহীদ শরিফ ওসমান হাদী হত্যার দ্রত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যা বিচার সহ তিন দফা দাবীতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচী শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রাটি শুরু হয়। কর্মসূচীর শুরুতে জিরো পয়েন্টে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এরপর পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বন্দর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে দাবী সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
জানা যায়, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই পদযাত্রা ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
তাদের ঘোষিত তিন দফা দাবীর মধ্যে রয়েছে শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার সম্পন্ন করা। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থানরত হাদী হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।
প্রথম দিনের কর্মসূচীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। স্থানীয় লোকজনও পদযাত্রায় যুক্ত হন। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিনে বাংলাবান্ধা থেকে প্রায় ২১ কিলোমিটার পায়ে হেঁটে তেঁতুলিয়ায় পৌঁছে কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে দাবিগুলো নিয়ে কথা বলবেন সংগঠনের সদস্যরা।
কর্মসূচীর উদ্বোধনী বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রায় ১০ মাস পার হলেও হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। ডিসেম্বরের মধ্যেই হত্যাকান্ডে সরাসরি জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার দাবী জানান তিনি।
হাদী হত্যাকান্ড প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের ভারত, আওয়ামী লীগ ও ‘র’-এর সম্পৃক্ততার অভিযোগ তুলে বলেন, ঘটনাটিকে সাধারণ একটি হত্যাকান্ড হিসেবে দেখলে হবে না; এর সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ও জড়িত। তাই তদন্ত ও বিচার দ্রত শেষ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে শাপলা চত্বর, পিলখানা ও জুলাইয়ের হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান ইনকিলাব মঞ্চের এই নেতা। তিনি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করারও আহ্বান জানান।
তবে দাবীগুলো বাস্তবায়নে গড়িমসি করা হলে কিংবা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন আব্দুল্লাহ আল জাবের।













