বিনোদন ডেস্ক: বলিউডে নায়কদের পারিশ্রমিক নিয়ে আলোচনা হয় নিয়মিত। তবে নায়িকারাও এখন বড় বাজেটের সিনেমায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তাঁদের জনপ্রিয়তা, অভিনয়দক্ষতা ও বক্স অফিসে প্রভাবের কারণে পারিশ্রমিকও বেড়েছে। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের একটি তালিকায় উঠে এসেছে পাঁচ তারকার নাম। এই তারকারা কে কত পারিশ্রমিক নেন।
১. প্রিয়াঙ্কা চোপড়া
তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর বিনোদনজগতে তাঁর পরিচিতি বাড়তে থাকে। ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। ‘ফ্যাশন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। হলিউডে ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান প্রিয়াঙ্কা। ‘বে ওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো কাজেও দেখা গেছে তাঁকে। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা।
২. দীপিকা পাড়ুকোন
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন। ‘পিকু’ সিনেমায় অভিনয়ের জন্যও ব্যাপক প্রশংসা পান। হলিউডে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে। আইএমডিবির তালিকায় দীপিকার সিনেমাপ্রতি পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ থেকে ৩০ কোটি টাকা।
৩. কঙ্গনা রনৌত
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কঙ্গনা রনৌত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ২০০৬ সালে অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য প্রশংসা পান। পরে ‘ফ্যাশন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘তনু ওয়েডস মনু’, ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘কুইন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেন। ২০২৪ সালে নিজের পরিচালনায় ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে আলোচনায় আসেন। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা।
৪. ক্যাটরিনা কাইফ
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। শুরুতে ভাষাগত সীমাবদ্ধতা ও অভিনয় নিয়ে সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। ‘নমস্তে লন্ডন’, ‘নিউইয়র্ক’, ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’ ও ‘ধুম ৩’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাচ ও অ্যাকশন দৃশ্যেও নিজের দক্ষতা দেখিয়েছেন ক্যাটরিনা। ‘টাইগার ৩’ ও ‘মেরি ক্রিসমাস’-এর মতো সিনেমায়ও অভিনয় করে আলোচনায় ছিলেন। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকা।
৫. আলিয়া ভাট
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। অল্প বয়সেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে আলিয়ার বলিউডে অভিষেক হয় ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে। এরপর ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গলি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করে প্রশংসা পান। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। হলিউডেও অভিষেক হয়েছে আলিয়ার। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমায় গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেন। আইএমডিবির তালিকায় সিনেমা প্রতি তাঁর পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটি টাকা।


















