রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা উপকেন্দ্রের ভেতরে গান পাউডার ছিটিয়ে ছয়টি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। দুটি বোমার বিস্ফোরণে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপকেন্দ্রে কর্মরত ব্যক্তিরা জানান, রাত দুইটার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল অস্ত্রের মুখে কর্মীদের জিম্মি করে উপকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এরপর তারা সেখানে গান পাউডার ছিটিয়ে ছয়টি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ছয়টি বোমার মধ্যে দুটি বিস্ফোরিত হয়। বাকি চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
বিস্ফোরণে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে উপকেন্দ্রের লাইনম্যানরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় বলেন, পবা-২ উপকেন্দ্রটি ৩৩/১১ কেভির। এখান থেকে বিভিন্ন বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। লাইনম্যানরা দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে সরবরাহ স্বাভাবিক হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।















