স্পোর্টস ডেস্ক: জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। তবে প্রস্তাবিত ম্যাচ দুটি ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে হওয়ায় এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালকে।
গত শনিবার বাফুফের জাতীয় দল কমিটির সভায় কিরগিজস্তানের আমন্ত্রণ নিয়ে আলোচনা হয়। তবে ঘরোয়া ফুটবল লিগের সূচি এবং জাতীয় দলের খেলোয়াড়দের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে তাবিথ আউয়াল গণমাধ্যমে বলেন, ‘আমরা একটি আমন্ত্রণ পেয়েছি। নির্দিষ্ট দিনে আমাদের হাতে যে দল থাকবে, সেই দল নিয়েই আমরা সব সময় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে লিগ ও এর সূচি বিবেচনা করতে হবে।’
কিরগিজস্তানের আমন্ত্রণ গ্রহণ করলে কয়েক দিনের জন্য স্থগিত রাখতে হতে পারে বাংলাদেশ ফুটবল লিগ। একই সঙ্গে ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে ম্যাচ হওয়ায় হামজা চৌধুরী, শমিত সোম ও ফারহান আলী ওয়াহিদের মতো প্রবাসী ফুটবলারদের ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে।
এ ছাড়া চলমান ঘরোয়া মৌসুমের মধ্যে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলো রাজি হবে কি না, সেটিও বড় প্রশ্ন। সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণের কারণে প্রায় এক মাস বন্ধ ছিল ঘরোয়া লিগ। ফলে আবারও লিগের সূচিতে বিরতি তৈরি হলে সেটি নিয়ে জটিলতা দেখা দিতে পারে।
এদিকে আগামী মার্চের ফিফা আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে দুই লেগের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। আগামী ১৫ ডিসেম্বর এই প্লে-অফের প্রাথমিক রাউন্ডের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা। ওই ড্রয়ের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের প্রতিপক্ষ।
সব মিলিয়ে জানুয়ারিতে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও লিগের সূচি, ক্লাবগুলোর সম্মতি এবং প্রবাসী ফুটবলারদের অনুপস্থিতির বিষয়গুলো বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে বাফুফেকে।
















