পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন । রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার চটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন বড়শশী বিওপির একটি নিয়মিত টহল দল হাবিলদার মনিমুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, এ সময় সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন; উপজেলার নুরপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে রাশেদ (২৬), এবং একই এলাকার শাহ আলমের ছেলে বোরহান (১৭)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পুরাতন পালসার মোটরসাইকেল, একটি ভিভো মোবাইল ফোন, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল ফোন এবং দুটি গ্রামীণ সিম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায় , আটক ব্যক্তিরা কোমরের স্কচটেপে পেঁচিয়ে এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। পরে তাদের দেহ তল্লাশি করে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান জোরদার করা হয়েছে। মাদক পাচারকারীদের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।














