• Home
  • আইন-আদালত
  • অর্থ আত্মসাতের মামলায় জাবেদ ও তার স্ত্রীর সাজা
Image

অর্থ আত্মসাতের মামলায় জাবেদ ও তার স্ত্রীর সাজা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের সাজা দিয়েছে আদালত। পাশাপাশি জাভেদপত্নী রুকমিলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বলেন, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণ হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের সাজা ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি মামলার আসামিদের মধ্যে ১৭ জনের সাজা ও ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন বলেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের মামলায় ১০ বছর ও আত্মসাতের অভিযোগে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। উনার স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা সংক্ষুব্ধ, উচ্চ আদালতে আপিল আবেদন করবো।

জানা যায়, রায় ঘোষণার সময় চারজন আসামি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পান। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

এর আগে, গত বছরের ২৪ জুলাই বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »