• Home
  • অর্থ-বাণিজ্য
  • সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
Image

সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে হাজিরা দেওয়ার পরও শ্রমিকরা কাজ করতে অস্বীকৃতি জানানোয় আরও চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। আজ সকাল ১০টার দিকে মুঠোফোনে মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বন্ধ ঘোষিত ৪০টি কারখানা হলো— ফ্যাশন ডট কম, ক্রসওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, ক্রসওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, ন্যাচারাল ডেনিমস লিমিটেড, মান্তা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, এআর জিন্স প্রডিউসার লিমিটেড, এফজিএস ডেনিম ওয়ার লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, অরুনিমা স্পোর্টস ওয়ার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, ডিএমসি ওয়াশিং লিমিটেড, নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড, কাইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড, রেডিয়্যান্স নীটওয়্যার লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, এলপিএস অ্যাপারেলস লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লুসাকা গ্রুপের সব কারখানা, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, এস টোয়েন্টি ওয়ান গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড ও রাতুল নীটওয়্যার লিমিটেড।

বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় বলা হয়েছে, কোনো অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে মালিকপক্ষ প্রতিষ্ঠান বা এর কোনো অংশ আংশিক কিংবা পুরোপুরি বন্ধ রাখতে পারবেন।এ সময় ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা মজুরি পাওয়ার অধিকারী হবেন না।

তবে শ্রম আইনের এ বিধান প্রয়োগের ফলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু।

প্রসঙ্গত, আশুলিয়া শিল্পাঞ্চল আবারও অশান্ত হয়ে উঠেছে। গত মঙ্গলবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ-শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন। শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ আরও কিছু দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করে আসছেন শ্রমিকরা।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »