জীবিকার তাগিদে পেশা ছাড়ছেন কারিগররা, হারাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কবি যতীন্দ্রমোহন বাগচীর ‘কাজলা দিদি’ কবিতার ‘বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?’ চরণ দুটি মনে করিয়ে দেয় গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে থাকা বাঁশশিল্পের কথা। কালের বিবর্তনে সেই ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। নানা সংকটে ধুঁকছে রংপুরের কাউনিয়ার একসময়ের সম্ভাবনাময় বাঁশশিল্প। তবে প্লাস্টিক পণ্যের দাপটের মধ্যেও কিছু মানুষ এখনো বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে রেখেছেন।
কাঁচামালের উচ্চমূল্য, প্লাস্টিক ও ধাতব পণ্যের সহজলভ্যতা, পুঁজির সংকট এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এ শিল্পের সঙ্গে জড়িত কারিগর ও ব্যবসায়ীরা চরম দুর্দিন পার করছেন। একসময় গ্রামীণ মারুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য উপকরণ ছিল বাঁশের তৈরি নানা সামগ্রী। বর্তমানে সেসব পণ্যের চাহিদা কমে যাওয়ায় অনেক কারিগর পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে বাঁশশিল্পের সঙ্গে জড়িত কারিগর ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে কম দামে প্লাস্টিকের পণ্য পাওয়া যাওয়ায় ক্রেতারা এখন বাঁশের তৈরি কুলা, ডালা, চালন, ঝুড়ি ও খাঁচার পরিবর্তে প্লাস্টিকের সামগ্রী কিনছেন। এ শিল্পের উন্নয়নে নেই সরকারি প্রণোদনা কিংবা সহজ শর্তে ঋণের ব্যবস্থা। ফলে পুঁজির অভাবে অনেক কারিগর মহাজনদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাফুজার রহমান মিঠু বলেন, বাঁশশিল্প বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। একসময় কাউনিয়ায় বাঁশের তৈরি পরিবেশবান্ধব বিভিন্ন সামগ্রীর ব্যাপক প্রচলন ছিল। গৃহস্থালি, কৃষিকাজ, এমনকি ঘরবাড়ি নির্মাণেও বাঁশের ব্যবহার ছিল উল্লেখযোগ্য। কিন্তু সময়ের সঙ্গে প্লাস্টিক পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় ঐতিহ্যবাহী এ শিল্প আজ বিলুপ্তির মুখে।
বাঁশের চাঁই তৈরির কারিগর রফিকুল জানান, সারা বছর চাঁইয়ের তেমন চাহিদা থাকে না। বর্ষা মৌসুমে মাছ ধরার ফাঁদ হিসেবে চাঁইয়ের চাহিদা কিছুটা বাড়লেও বছরের বাকি সময় কাজ প্রায় থাকে না। আয় কমে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ শিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
টেপা মধুপুর হাটের ব্যবসায়ী মজিবর জানান, এখনো অনেক পরিবার বাঁশ দিয়ে ডালা, কুলা, পাখা, দোয়ারি, খালুই, পলো, কোচ, টুকরি, তালাই, ধানের গোলা, পাখির খাঁচাসহ বিভিন্ন ব্যবহার্য সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করছে। তবে প্লাস্টিক পণ্যের ব্যাপক ব্যবহারে তাদের ব্যবসা দিন দিন সংকুচিত হচ্ছে।
বাঁশের কারুশিল্পী আলামিন বলেন, এ পেশায় এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই অনেকেই বাধ্য হয়ে দিনমজুরি কিংবা ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর পেশায় চলে যাচ্ছেন। সংশ্লিষ্টদের দাবি, পরিবেশবান্ধব এ শিল্পকে বাঁচাতে সরকারি উদ্যোগে স্বল্প সুদে ঋণ, কারিগরি প্রশিক্ষণ, কাঁচামাল সরবরাহ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে। তা না হলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশশিল্প একদিন পুরোপুরি হারিয়ে যাবে।
















