• Home
  • বিনোদন
  • আফ্রিকান সুন্দরীদের মিস ইউনিভার্সে অংশ নেওয়া অনিশ্চিত
Image

আফ্রিকান সুন্দরীদের মিস ইউনিভার্সে অংশ নেওয়া অনিশ্চিত

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বিধিনিষেধের কারণে এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন জিম্বাবুয়ে ও দক্ষিণ সুদানসহ আফ্রিকার অন্তত পাঁচটি দেশের প্রতিনিধিরা। ভিসা না পাওয়ায় জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হলের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, আর একই কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে জাম্বিয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের অধীনস্থ অঞ্চল পুয়ের্তোরিকোর সান হুয়ানের হোসে মিগেল আগরেলট কোলিসিয়ামে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। গত ৮ নভেম্বর থেকেই প্রতিযোগীরা নিবন্ধন ও প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিতে পুয়ের্তোরিকোয় পৌঁছাতে শুরু করলেও আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিরা ভিসার অপেক্ষায় আটকে আছেন।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হল জানান, ভিসা অনুমোদনের জন্য তারা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করে ভিসা পাওয়ার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন।

রোজানা বলেন, তিনি একা নন, বরং তার অনেক আফ্রিকান সহকর্মীও একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। রোজানার ওই ভিডিওতে মন্তব্য করে দক্ষিণ সুদানের প্রতিনিধিও জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণের সম্ভাবনা এখন ফিফটি-ফিফটি (অর্ধেক অনিশ্চিত)।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জাম্বিয়ার প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ২৫ বছর বয়সী পেশায় নিবন্ধিত নার্স মুবাঙ্গা গত ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হয়েছিলেন।

মিস ইউনিভার্স জাম্বিয়ার আয়োজকেরা এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে, কোনো ব্যক্তিগত সমস্যা, কাগজপত্রের ঘাটতি কিংবা সাংগঠনিক জটিলতার কারণে নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই মুবাঙ্গা অংশ নিতে পারছেন না। আফ্রিকার অন্তত পাঁচটি দেশ একই ধরনের বাধার মুখে পড়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে থাকা ১৯টি দেশের মধ্যে জিম্বাবুয়ে অন্যতম। চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের পর্যটন, শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসাসহ অভিবাসী এবং অন্যান্য অনভিবাসী ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই আইনি জটিলতার কারণেই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আফ্রিকার দেশগুলোর অংশগ্রহণ এখন প্রশ্নের মুখে পড়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »