• Home
  • অর্থ-বাণিজ্য
  • আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস
Image

আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের চেয়ে বেশি দেখানো হয়েছিল। ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদনে ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দেখানোর তথ্য উঠে এসেছে।

শনিবার জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। বক্তারা বলেন, রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠা করতে প্রবৃদ্ধির পরিসংখ্যানে অতিমূল্যায়ন করা হয়েছিল।

সেমিনারে জানানো হয়, জিডিপি প্রবৃদ্ধি হিসাবের জন্য ব্যবহৃত তথ্যের ৬০ শতাংশ ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নিজস্ব জরিপ থেকে পাওয়া। এসব তথ্যে কোনো হস্তক্ষেপ ছিল না। বাকি ৪০ শতাংশ তথ্য নেওয়া হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ বোর্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে। এসব তথ্যে অসংগতি পাওয়া গেছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর জিডিপি প্রবৃদ্ধির তথ্যে অতিমূল্যায়নের প্রবণতা বেশি ছিল। পতিত সরকার এসব পরিসংখ্যান ব্যবহার করে রাজনৈতিক বয়ান তৈরি করেছিল।

তিনি বলেন, জরিপের বাইরে থেকে সংগ্রহ করা তথ্যগুলোতে গড়মিল ছিল। বর্তমানে উৎপাদন ও ব্যয় পদ্ধতিতে জিডিপি হিসাব করা হয়। ভবিষ্যতে আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে। উপদেষ্টা আরও বলেন, সরকারের কাছে জিডিপি কোনো সংখ্যা বা হাতিয়ার নয়। সরকার মানসম্মত ও সঠিক তথ্য চায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »