• Home
  • অর্থ-বাণিজ্য
  • রমজানে ১১ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
Image

রমজানে ১১ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। তাতে বলা হয়েছে, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বে অর্থ পরিশোধের সুবিধা পাবেন আমদানিকারকেরা।

বাংলাদেশ ব্যাংক বলছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে উল্লিখিত ১১ ধরনের পণ্য আমদানিতে বিশেষ এই সুবিধা দেওয়া হয়েছে। এখন থেকে এসব পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি বা সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় এ সুবিধা নিতে পারবেন আমদানিকারকেরা।

এই সুবিধার আওতায় আমদানির ক্ষেত্রে পণ্য দেশে আসার পরপরই আমদানিকারককে পুরো আমদানিমূল্য পরিশোধ করতে হবে না। নির্ধারিত মেয়াদ শেষে বা বিলম্বে আমদানি মূল্য পরিশোধের সুযোগ পাবেন আমদানিকারকেরা। তাতে পণ্য বিক্রি করে ব্যাংকের দায় পরিশোধের সুযোগ থাকবে। এতে আমদানিকারকদের মূলধনের চাপও কিছুটা কমতে পারে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক–সংশ্লিষ্টরা।

সাধারণত রমজান মাসে দেশে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরের মতো পণ্যের চাহিদা বাড়ে। এ সময়ে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দামের ওপর চাপ কমানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে আমদানিকারকেরা এসব পণ্য আমদানিতে উৎসাহিত হবেন বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে গত ৮ নভেম্বর রমজান মাসকে সামনে রেখে এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো ছিল চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। এলসি বা আমদানি ঋণপত্র খোলার সময় ব্যবসায়ী বা আমদানিকারককে ব্যাংককে যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা সিকিউরিটি জমা দিতে হয়, তাকেই এলসি মার্জিন বলা হয়। এটি সাধারণত মোট এলসি মূল্যের একটি নির্দিষ্ট শতকরা হার হয়ে থাকে। যেমন মার্জিন ১০০ শতাংশ হলে আমদানির সমপরিমাণ অর্থই নগদ জমা দিয়ে এলসি খুলতে হয়। মার্জিন ন্যূনতম বা শিথিল হলে খুব অল্প পুঁজি বা ব্যাংকের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে কম নগদ জমার মাধ্যমেই এলসি খোলা সম্ভব হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »