রাজধানী ঢাকায় এক রাতেই চার স্থানে ককটেল বিস্ফোরণ এবং পৃথক দুই স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোড এবং ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে বাসে আগুন দেওয়া হয়। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে।একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি। কাউকে আটকও করা যায়নি।
রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কের ওয়ালটন প্লাজার সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। আদাবর থানার ওসি শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালিয়ে যান বলে জানান বনানী থানার ওসি মো. সালাউদ্দিন।
রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
এদিকে দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে।
রাত ১২টা ৪৫ মিনিটের দিকে জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
শাহ আলী থানার ওসি রাজীব হোসেন বলেন, কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাব অনুযায়ী, গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময়ে ঢাকা ও দেশের আরও ছয় জেলার অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীর ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


















