• Home
  • ধর্ম
  • ২০২৭ সালের হজ চুক্তি সই : বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
Image

২০২৭ সালের হজ চুক্তি সই : বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বরাদ্দ দেওয়ায় আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের সুযোগ পাবেন।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজ চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন। এবার প্রাথমিক কোটার সঙ্গে তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার বৃদ্ধি করায় মোট কোটা ৮৩ হাজার ৫০০ জনে উন্নীত হলো।

বৈঠকের বিষয়ে ধর্মমন্ত্রী আরও উল্লেখ করেন, কোটা নির্ধারণে মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় এলেও সৌদি মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা ব্যবহারে ব্যর্থ হলে বা তা বাতিল হলে তা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »