• Home
  • দেশ
  • দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের
Image

দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে তিন সন্তানের এক জননীকে নিজের স্ত্রী দাবি করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন সফিকুল ইসলাম নামে এক সরকারী কর্মচারী।তিনি উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন ।

অন্যদিকে ওই নারী আঞ্জুয়ারা বেগমের আগের স্বামী বেলাল হোসেনের দাবি, আঞ্জুয়ারা এখনো তারই স্ত্রী এবং সফিকুল তাকে প্ররোচিত করে পরকীয়ায় জড়িয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা এলাকায় ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সফিকুল ইসলাম প্রায়ই খুটামারা এলাকার আছিম উদ্দিনের বাড়িতে যাতায়াত করতেন। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে সন্দেহ দেখা দেয়। ঘটনার দিন বিকেলে তাকে ওই বাড়িতে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সফিকুল সবার সামনে দাবি করেন, আছিম উদ্দিন তার শ্বশুর এবং আছিম উদ্দিনের মেয়ে আঞ্জুয়ারা বেগমকে তিনি ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে করেছেন।

তবে স্থানীয় বাসিন্দারা জানান, আঞ্জুয়ারা বেগমের স্বামী হিসেবে তারা দেবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা সবুজপাড়া এলাকার বেলাল হোসেনকে চেনেন। তাদের জানামতে, প্রায় ২৫ বছর আগে পারিবারিকভাবে আঞ্জুয়ারা ও বেলালের বিয়ে হয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে এবং বড় মেয়েকে তারা বিয়ে দিয়েছেন।

স্থানীয়দের প্রশ্নের মুখে আঞ্জুয়ারা বেগম জানান, তিনি আগের স্বামীকে তালাক দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তালাকের কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। তার দাবি, কাগজপত্র আগের স্বামীর ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে।অন্যদিকে সফিকুল ইসলামের প্রথম স্ত্রী নিলুফা ইয়াসমীনের সঙ্গে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিলুফা জানিয়েছেন, স্বামীর দ্বিতীয় বিয়ের বিষয়ে তিনি কিছুই জানেন না।

বেলাল হোসেন অভিযোগ করেন, সফিকুল ইসলাম তার স্ত্রীকে প্ররোচিত করে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেছেন। এ কারণে প্রায় তিন মাস আগে আঞ্জুয়ারা বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। বুধবার হঠাৎ তিনি সফিকুলের সঙ্গে স্ত্রীর বিয়ের দাবির কথা জানতে পারেন। তালাকের কোনো কাগজও তিনি পাননি। এ ঘটনায় তিনি দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।অন্যদিকে সফিকুল ইসলাম বলেন, আগের দিন শ্বশুর আমাকে ফোন করে দেখা করতে বলায় আমি ওই বাড়িতে গিয়েছিলাম। তারা ইসলামি শরিয়াহ মেনে বিয়ে করেছেন দাবি করে তিনি বলেন, তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »