• Home
  • প্রচ্ছদ
  • ডেঙ্গু ও হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি
Image

ডেঙ্গু ও হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি

হামের সঙ্গে এবার দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামের উপসর্গে ৬ জন এবং ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৪৬৬ জনের শরীরে।

আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২১৮ জন।আজ সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

হাম
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৩৩ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৪৬৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ৭৮ জন হামে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৪৭৮ জন হামে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।

ডেঙ্গু
দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রোববার ডেঙ্গুতে রেকর্ড ২ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে। আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন বিভাগের হাসপাতালে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন।চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড ছিল গত ৬ ও ১৫ অক্টোবর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »