মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধি পঞ্চগড়-শিক্ষকদের সৃজনশীল কর্ম গড়বে ভবিষ্যৎ প্রজন্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী পঞ্চগড় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) হলরুমে ‘শিক্ষকের কলাম’ নামের একটি ফেসবুক গ্রুপের আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের আটটি বিভাগের ৩১টি জেলার দুই শতাধিক শিক্ষক অংশ নেন।
আয়োজক ও অংশগ্রহণকারী শিক্ষকেরা জানান, শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পাঠদানকে আরও ফলপ্রসূ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘শিক্ষকের কলাম’ ফেসবুক গ্রুপের উদ্যোক্তা নওগাঁ জেলার শিক্ষক শরিফুল ইসলাম, পঞ্চগড় পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. লুৎফল হায়দার আল মাসুম এবং শিক্ষা বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, ‘শিক্ষকের কলাম’ ফেসবুক গ্রুপটি দেশের বিভিন্ন জেলার শিক্ষকদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমানে গ্রুপটিতে তিন শতাধিক সদস্য রয়েছেন। করোনাকালীন সময়ে এ গ্রুপের মাধ্যমে শিক্ষকেরা বিভিন্ন শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে শিক্ষার্থীদের পাঠদান করেছেন। সেই উদ্যোগ থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষকের কলাম’ ফেসবুক গ্রুপটি দেশের শিক্ষকদের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। এমন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষকেরা সম্মিলিতভাবে দেশের শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি গ্রুপটির সব কার্যক্রমকে স্বাগত জানিয়ে এর সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন।
মিলনমেলার শুরুতে অংশগ্রহণকারী শিক্ষকেরা সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে বিকেলে পিটিআই প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।













