পঞ্চগড় প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১৯ অক্টোবর) তাকে আদালতে তোলা হলে আমলী আদালত-১ এর বিচারক আরিফ হোসেন মুন্না এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন পাচঁ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক মানিক মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার পর পঞ্চগড়ের রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে ওই বছরের ১০ সেপ্টেম্বর তার বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন।
মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামী করা হয়েছে। ওই মামলার আসামীদের তালিকায় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার নাম রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার পাশাপাশি বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলাসহ মুক্তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক মানিক মিয়া বলেন, আজকে আদালতে ধার্য্য তারিখ ছিলো। ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ২৪ অক্টোবর থেকে। আপাতত কারাগারেই থাকবেন তিনি।এর আগে, গত ৬ অক্টোবর পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।



















