হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: পাথরঘাটা (বরগুনা), ১৯ অক্টোবর ২০২৬: কিশোরীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, মেয়েদের সুস্থ বিকাশ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও নেতৃত্ব বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সোমবার (১৯ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রজননক্ষমতা ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও উপবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের সুফল কাজে লাগিয়ে মেয়েরা যেন শিক্ষিত হয়ে নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, কিশোরীদের সুস্থ বিকাশ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব সম্পর্কে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় বক্তব্যের একপর্যায়ে চিফ হুইপ পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘Strengthening Parliament’s Capacity in Integration of Population and Development Issues (SPCPD)’ প্রকল্প, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং পাথরঘাটা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বরগুনার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সংসদ সচিবালয়ের যুগ্মসচিব মো. আল মামুনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
















