আসন্ন সাধারণ নির্বাচনে জয় নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে পরাজিত হলেও রাজনীতি থেকে অবসর নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
রোববার রেডিও নর্থকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমাদের জয় নিশ্চিত করা প্রয়োজন। তবে আমি আমার জয় নিয়ে নিশ্চিত নই এবং এ নিয়ে আমি খুবই চিন্তিত।পরবর্তী সরকার গঠন করতে ব্যর্থ হলে রাজনীতি ছাড়বেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি রাজনীতি থেকে অবসর নেব না। ’
সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট, নাফতালি বেনেট ও আবিগদোর লিবারম্যানের কঠোর সমালোচনা করেন নেতানিয়াহু। তাঁর দাবি, প্রতিদ্বন্দ্বীদের নেতৃত্বে সরকার গঠিত হলে তা আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
নেতানিয়াহু বলেন, ‘তাদের বাড়িয়ে বলা আসনসংখ্যা ধরলেও মনসুর আব্বাস ও আহমেদ তিবিকে ছাড়া গাদি আইজেনকোট সরকার গঠন করতে পারবেন না। ৬১টি আসন পূর্ণ করতে তাঁদের এই দুজনেরই সাহায্য লাগবে। ’
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা এমন একটি সরকার চান, যে সরকার ইসরায়েলের উত্তরাঞ্চলের শত্রুদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে না, তারা যেন আইজেনকোটকে ভোট দেন। প্রতিদ্বন্দ্বীদের সম্ভাব্য সরকারকে ‘আত্মসমর্পণকারী ও অকার্যকর’ বলেও মন্তব্য করেন তিনি।
ইরান ইস্যুতে আইজেনকোটকে আক্রমণ
ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের সম্ভাবনা নিয়েও আইজেনকোটের সমালোচনা করেন নেতানিয়াহু।তাঁর দাবি, আইজেনকোট আগে বলেছিলেন, পারমাণবিক ইরানকে মেনে নিতে হবে এবং ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির ওপর হামলা চালানো ভুল সিদ্ধান্ত ছিল।
যুক্তরাষ্ট্রে আইজেনকোটের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর ভাষ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী ভূমিকা রাখতে হবে এবং দেশের অস্তিত্বের জন্য হুমকির মুখে কোনো আপস করা যাবে না। তাঁর মতে, গাদি আইজেনকোট ও তাঁর সহযোগীরা এ ক্ষেত্রে ব্যর্থ।
রোনেন বারকে ‘মিথ্যাবাদী’ বললেন নেতানিয়াহু
সাক্ষাৎকারে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান রোনেন বারের দায়ের করা মানহানি মামলা নিয়েও কথা বলেন নেতানিয়াহু। বারের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে তাঁকে ‘মিথ্যাবাদী’ বলে আখ্যা দেন তিনি।
নেতানিয়াহু বলেন, তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রকের কাছে প্রায় এক হাজার নথি জমা দিয়েছেন, যার বেশ কয়েকটি ইন্টারনেটেও পাওয়া যায়। এসব নথিতে সবকিছু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে দাবি করেন তিনি।
নেতানিয়াহুর অভিযোগ, হামলার ঠিক দুই দিন আগেও রোনেন বার একটি প্রতিবেদন দিয়েছিলেন, যেখানে সুবিধার বিনিময়ে সাময়িক বা দীর্ঘমেয়াদি নিরাপত্তা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। বারের বিরুদ্ধে শুরু থেকেই বিভিন্ন বিষয়ে মিথ্যা বলার অভিযোগও তোলেন তিনি।
সূত্র: জেরুজালেম পোস্ট
















