• Home
  • খেলা
  • প্রশ্নফাঁসে দুঃখ প্রকাশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যব
Image

প্রশ্নফাঁসে দুঃখ প্রকাশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যব

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, মন্ত্রণালয়ের ভেতরে বা বাইরে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।আমিনুল হক জানান, কীভাবে প্রশ্নফাঁস হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনো চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সিআইডির ফরেনসিক টিম, ডিজিএফআই ও এনএসআই কাজ করছে।

তিনি বলেন, তদন্ত কমিটি রোববার পর্যন্ত সময় চেয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

প্রশ্নফাঁসের কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কাজ করছে। আগামী শুক্রবার স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ আয়োজনের বিষয়েও বিস্তারিত জানান। তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান আটটি ক্যাটাগরিতে ১৫ জনের হাতে এ পুরস্কার তুলে দেবেন। একই অনুষ্ঠানে প্রকল্পভিত্তিক অনুদানও দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের শক্তি ও নেতৃত্ব কাজে লাগানো জরুরি। সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা তরুণদের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক পুরস্কার বিজয়ী এক লাখ টাকার প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও রাষ্ট্রীয় সনদ পাবেন।

তিনি আরও জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় পুরস্কার বিজয়ীদের মনোনীত করা হয়েছে। পাশাপাশি সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ের ৪৩২টি যুব সংগঠনের জন্য ৩ কোটি ৫৭ লাখ টাকার অনুদান চূড়ান্ত করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »