পঞ্চগড় প্রতিনিধি॥পঞ্চগড়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলাসহ একাধিক ধারার মামলার এজাহারনামীয় আসামী আব্দুল্লাহ আল-মামুনকে (৪৮) গ্রেফতার করেছে সদর পুলিশ। তার বিরুদ্ধে একটি বৈবাহিক অভিযোগ সহ গর্ভপাতের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়,শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে পঞ্চগড় পৌরসভার ইসলাম প্লাজার ইসলাম আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল্লাহ আল-মামুন পঞ্চগড় পৌরসভার নতুনবস্তি রাজনগর এলাকার বাসিন্দা। তিনি পঞ্চগড় শহরের ইসলাম আবাসিকে স্বতাধিকারী মৃত নুর ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার জিআর নম্বর-৪৬৫/২৬-এর এজাহারনামীয় আসামী তিনি।
মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (খ) ধারা এবং দন্ডবিধির ৩১৩, ৩২৩, ৩২৫ ও ৫০৬(২) ধারায় একটি মামলা করা হয়েছে। এসব ধারায় যথাক্রমে নির্দিষ্ট পরিস্থিতিতে গর্ভপাত ঘটানো, স্বেচ্ছায় আঘাত করা, গুরুতর আঘাত করা এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের মতো বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। তবে সুনির্দিষ্ট অভিযোগ নির্ধারণে মামলার এজাহার ও প্রাসঙ্গিক আইনি বিধান যাচাই করা প্রয়োজন।
এদিকে কয়দিন ধরে গ্রেফতার হওয়া আব্দুল্লাহ আল- মামুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহিরা সিদ্দিকা নামে এক নারীর সঙ্গে তার বৈবাহিক বিষয়ে নানা রকম অভিযোগ উত্থাপন হয়ে আসছিল। তার আগের স্ত্রী রয়েছে। তবে পুলিশ জানায়, তিনি থানায় একটি অভিযোগও দিয়েছেন। স্ত্রী হিসেবে পূর্ন দাবী নিয়ে জেলা লিগ্যাল এইডে অভিযোগ ও দিয়েছেন তাহিরা সিদ্দিকা বলে জানায় পুলিশ ।
তবে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ওই নারীর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়।



















